
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নিজেদের দলীয় কার্যালয়ে হামলার নাটক সাজিয়ে বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের নামে মামলা করে। ওই মামলায় বৃহস্পতিবার রাসেল আহমেদ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা একদফা হামলা চালিয়ে বিএনপি কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করে চলে যায়। এরপর রাতে তারা আবারও বিএনপির কার্যালয়ে এসে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।