
নিউজ ডেস্কঃ সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার (১১ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (অর্থ) মো. শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজি (এইচআর) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞান নির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক পুলিশিং। পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এজন্য আপনাদের তৈরি থাকতে হবে।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে গোয়েন্দা তথ্য, তথ্য প্রযুক্তিসহ অন্যান্য কলাকৌশল ব্যবহারের মাধ্যমে অপরাধ মোকাবিলায় আপনারা পেশাগত দক্ষতা অর্জন করবেন।