
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিদ্যুৎ বিভ্রাটের জন্য একদিনও বিশ্বকাপের খেলা দেখতে কারও সমস্যা হয়নি। কেউ বলতে পারবে না এমনটা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নানক বলেন, লন্ডনে বসে স্বপ্ন দেখেন। আমি (তারেক রহমান) যখন সুখে নেই, বাঙালি জাতিকেও সুখী থাকতে দেব না। ১০ ডিসেম্বরের যড়যন্ত্রকে মোকাবিলা করায় এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান নানক। সাংবাদিকদের উদ্দেশ্যে নানক বলেন, এটা ঢাকা বিভাগীয় সমাবেশ নয়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশও নয়। এটা কেবল মহানগর উত্তর আওয়ামী লীগের বৃহত্তর তেজগাঁও জোনের সমাবেশ। খোঁচাখুঁচি করে লাভ হবে না। এ আ.লীগ নেতা বলেন, ওদের নেতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন করে দিয়েছিল। জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট দিয়েছিল। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন আ. লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।