
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া তাদের কোনো কাজ নেই। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১০ ডিসেম্বর বিএনপি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। তারা বলেছিল ১০ ডিসেম্বর তারেক রহমান উড়োজাহাজে করে দেশে নামবে। আর খালেদা জিয়া বন্দী অবস্থায় থেকে পুরানা পল্টনে যাবেন। তারা আরও বলেছিল জীবন থাকতে তারা পুরানা পল্টন থেকে যাবেন না। এরপর তারা নাকে খত দিয়ে গোপালবাগে গরুর মাঠে জনসভা করছে। তিনি বলেন, এখন বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। পাড়া মহল্লায় কেউ বিএনপি বলে পরিচয় দেয় না। কারণ তারা জানে, বিএনপির কথায় কাজে মিল নেই। বিএনপি নেতাদের কোনো খবর নেই, কর্মীদের মনে বল নেই। বিএনপি এখন নদীতে পড়ে গেছে, সেখান থেকে উঠে আসার কোনো সম্ভাবনা নেই।