
নিউজ ডেস্কঃ ফতুল্লায় মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে বেধড়ক লাঠিচার্জ করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা পুলিশ সদস্যদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ফতুল্লার মুসলিমনগর এতিমখানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে ঘণ্টাব্যাপী আলাপের পর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান জামিলকে তার সঙ্গীয় ফোর্সসহ উদ্ধার করে। এলাকাবাসীর দাবি, ডিবি পুলিশের সদস্যদের পরিচয় জানতে চাইলে তারা একেকজন একেক নাম বলে নিজেদের আসল পরিচয় লুকাতে চেষ্টা করছিলেন। আহত মহিউদ্দিন মুসলিমনগর এলাকার হাজী ওয়াজ উদ্দিন মাদবরের (মৃত) ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করেন। তিনি জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই একজন লোক লাঠি নিয়ে এসে বেধড়ক পেটাতে থাকে আমাকে। হাতে পায়ে পিঠে পেটায়। আমি আমার অপরাধ সম্পর্কে জানতে চাইলে আমার বাঁ কানে থাপ্পড় দেয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে আসলে মারধর করা ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। স্থানীয়রা তার কাছে মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। তখন স্থানীয় লোকজন ওই ব্যক্তিসহ তার সঙ্গে আসা বাকিদের অবরুদ্ধ করেন। পরে তাদের একজন নিজেকে ডিবি পুলিশের উপ পরিদর্শক জামিল বলে জানান।