
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাট শাখার (বাণিজ্য) বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করেছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহনগুলো অপেক্ষায় থাকবে, সেগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হবে বলেও জানান তিনি।