
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফেনী সদর উপজেলার ৬ হাজার ৩শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ফেনী পৌর লিবার্টি সুপার মার্কেটে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়। ফেনী সদর উপজেলার প্রতি ইউনিয়নে ৪৫০টি করে কম্বল ও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের জন্য ৫০টি করে কম্বল দেওয়া হয়। এসব কম্বল একযোগে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৩০টি ইউনিটে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-দুঃখী মানুষের কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবারও কম্বল পাঠিয়েছেন। তার মতো কেউ দেশের জনগণের দুঃখ-দুর্দশা বোঝেন না। সুতরাং দেশের মানুষের একমাত্র ভরসা শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিকসহ সদরের ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।