
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধ প্রবেশের জেরে বিএসএফের গুলিতে শামীম উদ্দিন (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত এবং শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বরর) দিনগত গভীর রাতে জেলার শিবগঞ্জ সীমান্তের জোহরপুর ও ওয়াহেদপুর সীমান্তের মাঝখানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের বাবা বাইরুল ইসলাম তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। নিহত শামীম শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে। আর আহত শরিফুল একই উপজেলার পাঁকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পোড়াপাড়া গ্রামের মৃত সোহবুল হোসেনের ছেলে। একাধিক সুত্র জানায়, নিহত ও আহত ব্যক্তিদের ১০ জনের একটি দল রোববার দিনগত গভীর রাতে বাংলাদেশের জহরপুর এবং ওয়াহেপুর বিওপির মধ্য দিয়ে সীমান্ত পিলার ১৬/৪ এস এর পাশ দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করছিল। এ সময় ভারতের চাঁদনী চক ও নুরপুরের বিএসএফ ক্যাম্পের একটি যৌথ দল রাত আড়াইটার দিকে গুলি ছুঁড়লে শামিম ও শরিফুল গুরুতর আহত হন। সেখান থেকে আহত শরিফুলসহ অন্যরা পালিয়ে এলেও শামিম ঘটনাস্থলেই মারা যান।