
নিউজ ডেস্কঃ সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কি না, সিদ্ধান্ত নেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে কোন পদে থাকবেন, তা একমাত্র তিনি নির্ধারণ করবেন। এমনটি বলেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে দুটি বইয়ের মোড় উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাধারণ সম্পাদক পদে যেসব নাম আছে, তার মধ্যে আপনার নামও আছে কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, সম্মেলন হলে অনেক নাম আসবে। তবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে কোন পদে থাকবেন, তা একমাত্র তিনি নির্ধারণ করবেন। আপনি আশাবাদী কি না- জানতে চাইলে তিনি স্বভাবসুলভ হাসি দিয়ে বলেন, তিনিই (শেখ হাসিনা) ঠিক করবেন। সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের প্রত্যেক কর্মী-সমর্থক চান, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন দলকে নেতৃত্ব দেবেন।