
নিউজ ডেস্কঃ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো দুরভিসন্ধি নেই জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন গঠনে আমরা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করি না। আমরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি।শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘এই ভোট অনেকে বিতর্কিত করতে চায়। অনেকে অনেক কথা বলে কিন্তু আমরা সেটা করেছি। আমরা নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করে দিয়েছি। সেই আইন মোতাবেক রাষ্ট্রপতি সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করেছেন। সেখানে আমরা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করিনি।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০২২ সালের ২৭ জানুয়ারি জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন আমরা পাস করে দিয়েছি। আমাদের যদি জনগণের ভোট চুরির দুরভিসন্ধি থাকতো তাহলে আমরা সেটা কেন করবো? খালেদা জিয়ার মতো আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা করতাম, তা তো আমরা করিনি! আমাদের জনগণের ওপর আস্থা-বিশ্বাস আছে। সেই বিশ্বাস নিয়েই আমরা চলি।’