
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে আওয়ামী লীগকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন টানা দশমবারের মতো নির্বাচিত দলটির সভাপতি শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন করে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে। আরও সংগঠিত করতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করার ও সব সময় জনগণের পাশে থাকার আহ্বান জানান। উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, নতুন নেতৃত্ব দরকার। ভবিষ্যতে নতুন নেতৃত্ব আনবেন সেটাই আশা করি। কাউন্সিল অধিবেশনে কণ্ঠ ভোটে শেখ হাসিনাকে সভাপতি করার পাশাপাশি ওবায়দুল কাদেরকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটি গঠনের আগে গত কমিটি বিলুপ্ত করা হয়। আগের কমিটি বিলুপ্ত করার আগেও বিদায়ী বক্তব্য দেন শেখ হাসিনা। সে বক্তব্যে তিনি নতুন নেতা নির্বাচন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।