
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে মিছিলে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে ৮১ জনের নাম উল্লেখ করে প্রায় ১২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় ৮জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে মামলার আগেই শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঘটনার পর রাতেই বিশেষ অভিযান চালিয়ে জেলার পাঁচ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ওই ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে নাশকতা সৃষ্টিসহ পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ হামলার অভিযোগে শনিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার দেখানো হয়। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা সংস্থার তথ্যভিত্তিতে ৮১ জনের নাম উল্লেখ করে ও ১১শ থেকে ১২শ জনকে অজ্ঞাত রেখে ৫টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় কোনো নির্দোষ গ্রেফতার হবেন না।