
নিউজ ডেস্কঃ জেলায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় ফায়ার সার্ভিসের লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন কারণে কয়েকটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। সোমনার (২৬ ডিসেম্বর) দুপুর ১টা থেকে জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের জহুর হকার্স মার্কেট ও আগ্রাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগ্রাবাদ ও পতেঙ্গা এলাকার ঝুঁকিপূর্ণ মার্কেটে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় ফায়ার সেফটি প্লান না থাকায় ইসলামী ব্যাংক হাসপাতালকে ২ লাখ এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় টেক সোডাইস কর্পোরেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নগরের কোতোয়ালীর জহুর হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এই এলাকায় সিনেমা প্যালেস প্রান্ত থেকে শুরু করে নিউমার্কেট প্রান্ত পর্যন্ত প্রায় এক হাজার ২০০টি ঝুঁকিপূর্ণ দোকান রয়েছে।এসকল দোকানে ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্রও। এজন্য মার্কেট কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিটি দোকানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র স্থাপন করতে নির্দেশ দেওয়া হয়।