
নিউজ ডেস্কঃ ভোটে সহিংসতা না হওয়ার বিষয়টিকে দায়িত্ব নেওয়ার প্রথম বছরের অর্জন হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। গত ফেব্রুয়ারিতে আউয়াল কমিশন পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছে। এদের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যে কার্যক্রমগুলো আমাদের অধীনে আয়োজিত হয়েছে এটা আমি যেটা মনে করি আগের তুলনায় সহিংসতা অনেক কম হয়েছে, এবং হয়ই নাই। হয়তো একটা শিশু মারা গিয়েছিল বাবার কোলে, সেটা ভোটের পরে। তো সহিংসটা হয়নি, এটা ভালো দিক। তিনি বলেন, এ ধারাটা যদি ধরে রাখতে পারি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত, ইতিবাচক দিক যেটা হবে, সাধারণ নির্বাচনেও মানুষ ভোটকেন্দ্রে আগ্রহ সহকারে কেন্দ্রে উপস্থিত হবে ও ভোটাধিকার প্রয়োগ করবে। এটুকু আমরা সেই ব্যাপারে আস্থাশীল হয়ে উঠছি।