
নিউজ ডেস্কঃ জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে দুই নারী আহত হয়েছেন।বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন - ওই গ্রামের মো. ইউনুচ মৃধার মেয়ে মোসা. ঝুমুর বেগম (২৬) ও তার ছোটবোন রুবি আক্তার (২৩)। আহত দুজনকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারামারির ঘটনায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী ঝুমুর মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার ঘোষের আদালতে প্রতিপক্ষ নজরুল মৃধাকে প্রধান আসামি করে চারজনের নামে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।ঘটনার একটি ভিডিও দেখা গেছে, মির্জাগঞ্জ থানার এএসআই জসিম উদ্দিন রুবির সঙ্গে কথা বলছেন। এ সময় রুবি ভিডিও করলে তার (জমিম) সঙ্গে থাকা কনস্টেবল ইমরান মোবাইল ফোনটিতে থাবা দেয়। পরে ভিডিওটি কেটে যায়।