
নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী পার হতে গিয়ে নৌকা ডুবে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ থেকে ছয়জন।শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়া ঘাঠ এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জলিল শেখের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার এক বছরের শিশুপুত্র নাছিম শেখ। স্থানীয়রা জানায়, নাজমা বেগমের দাদী আবেজান বেগম (৮০) মারা যাওয়ার খবর শুনে সেখানে যাচ্ছিলেন নাজমা ও তার পরিবারের সদস্যরা। এসময় শুক্তগ্রাম-বাহিরডাঙ্গা খেয়া পার হওয়ার জন্য নৌকায় উঠেন তারা। নৌকায় ১৫-১৬ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত ওজনের কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। এসময় কয়েকজন সাঁতরে তীরে আসতে পারলেও পাঁচ-ছয়জন আসতে পারেননি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম, কালিয়া থানা পুলিশ, নৌপুলিশ উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছে। কালিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, নৌকাটিতে ১৭-১৮ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে শিশুসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতরে তীরে উঠলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে