
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অহংকার মেট্রোরেল পরিসেবা নিতে উদ্বোধনের পর থেকেই আগারগাঁও স্টেশন এবং উত্তরা স্টেশনে যাত্রীদের দীর্ঘলাইন দেখা যাচ্ছে। কোনও কোনও সময় লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। মেট্রোরেল চালুর আজ তৃতীয় দিন শনিবারেও আগারগাঁও এবং উত্তরা প্রান্তেও দেখা গেছে যাত্রী সাধারনদের দীর্ঘলাইন। তবে এই দীর্ঘ লাইন এড়াতে এবং সরাসরি টিকেট পাঞ্চ করে ট্রেনে উঠতে এমআরটি পাস নেওয়ার কথা বলছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আগারগাঁও মেট্রোরেল স্টেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানিয়েছেন, মেট্রো রেলের যাত্রীরা যারা সিঙ্গেল যাত্রার টিকিট কিনছেন, তারা যদি নিয়মিত যাত্রী হয় তাদের অনুরোধ জানাই এমআরটি পাস কিনে নেন। এমআরটি পাস কিনলে কোথাও লাইন ধরতে হবে না। সরাসরি এসে তিনি এফসি গেটে পাসটি স্পর্শ করেই উঠতে পারছেন মেট্রোরেলে। গত কয়েকদিনে অনেকেই এই পাস কিনেছেন। এজন্য লাইনের দৈর্ঘ্যও কমে এসেছে। এমআরটি পাস কিনলে মেট্রোরেলে ভ্রমণ করতে কোনও ঝামেলা থাকবে না।