
নিউজ ডেস্কঃ চলতি মৌসুমে টানা ৯ দিন ধরে কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন মধ্যরাত থেকে পরের দিন অনেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকছে। এতে উভয় ঘাটে আটকে পড়ছে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকেরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল শনিবার রাত সাড়ে আটটা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন নিয়ে তিনটি ফেরি মাঝনদীতে আটকে পড়ে। সাড়ে ১১ ঘণ্টা পর আজ রোববার সকাল আটটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।