
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়েছে মৎস্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, দুই হাজার মিটার চর ঘেরা জাল, আটটি মশারি জাল ও পাঁচ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতি গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. ইউসুফ (২৫) ও কমলনগর উপজেলার নাছিরগঞ্জ এলাকার কাশেম মাঝির ছেলে মো. মাসুদ (২৪)। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, সদর উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান।