
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নবায়ন করা হলেও সরকারি আইন না মানলে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান থেকে সেবা পেতে মানুষ যাতে প্রতারিত না হয়। এ জন্য আমরা ক্লিনিকগুলোর উপর বিশেষ নজর রাখছি। মন্ত্রী বলেন, এরই মধ্যে আমরা অভিযান চালিয়ে দুই হাজার ক্লিনিক ও ডায়াগনেস্টিক বন্ধ করে দিয়েছি। এটা চলমান প্রক্রিয়ায় চলতেই থাকবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের নতুন ভবন উদ্বোধন এবং পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, করোনা বাড়ছে, চীনে বেশি বাড়ছে। করোনা প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করছে। চীনে করোনার নতুন ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের সব বন্দরে সতর্ক বার্তা জারি করা হয়েছে। চীন থেকে যারা আসবে তাদের পরীক্ষা করা হবে। প্রয়োজনে আইসোলেশনে নেওয়া হবে। আমাদের সজাগ থাকতে হবে।