
নিউজ ডেস্কঃ এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। দুয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীত নিম্ন আয়ের, দুস্থ মানুষের জন্য নিয়ে এসেছে বিপর্যয়। গরম কাপড়ের অভাবে অসহায় জীবনযাপন করছে অনেকে। নগরীর বিভিন্ন সড়কের পাশের ফুটপাত, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, ষোলশহর, ঝাউতলা, কদমতলী স্টেশনসহ বিভিন্ন স্থানে কেউ কেউ চটের বস্তা পেতে শুয়ে আছেন। অনেকের সেটাও নেই। ষোলশহর রেল স্টেশনে বিকলাঙ্গ ষাটোর্ধ্ব মোহাম্মাদ আলমগীর হোসেন বলেন, ‘কাজের খোঁজে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম এসেছিলাম দুই বছর আগে। কিছুদিন কাজও করেছি। টাকা পাঠিয়েছি পরিবারের জন্য। কিছুদিন যেতেই এক পা ও এক হাত অবশ হয়ে যায়। কাজ করতে পারি না। পরিবারের কাছে টাকাও পাঠাতে পারি না। তাই পরিবারও খবর নেয় না। একটা চাদর আছে, সেটা জড়িয়ে কোনও রকম রাতটা কাটিয়ে দেই’। এক পা হারানো পঁচাশি বছরের বৃদ্ধ জয়ন্ত দে। জীবিকার তাগিদে ফটিকছড়ি থেকে এসেছেন ৮ বছরের বেশি সময় ধরে। পড়ে আছেন রেলস্টেশনে। কেউ দয়া করে কিছু দিলে খান, না হয় উপোস করেই দিন পার করেন। তিনি বলেন, ‘সবকিছু ছেড়ে যে পরিবারের জন্য বের হলাম, সে পরিবারই খবর নিচ্ছে না ৮ বছর। কেউ দিলে খাই, না দিলে না খেয়েই পড়ে থাকি। কিছু মানুষ আসেন তারা মাঝেমধ্যে খাবার দিয়ে যান। তাদের দেওয়া খাবারেই ক্ষুধা মিটছে। এভাবেই শীত আর মশার যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছি’।