
নিউজ ডেস্কঃ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের ব্যাপারে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সরকার আদালতের কোনো মামলার ব্যাপারে হস্তক্ষেপ করে না। আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দিচ্ছেন। তিনি আরও বলেন, আমি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে যে কথা শুনেছি, হাইকোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছিল, সেখানে আইনের ব্যত্যয় হয়েছে। যে কারণে তিনি আপিল বিভাগে গেছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী কসবায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে সকালে ট্রেনে আখাউড়ায় আসেন। ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের খারাপ আচরণের কথা শুনেছেন মন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, আমি জানি। এখন কথা হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন। প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের বিচারক এবং অন্যান্য বিচারক অভিযোগ করেছেন, ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল, সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কনডেমট রুল জারি করেছেন। এটা এখন বিচারকদের ব্যাপার। আদালত বিচার করবেন।