
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলকারী মেট্রোরেলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।নতুন সূচি অনুযায়ী, মেট্রোরেল এখন থেকে চলবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।সোমবার (৯ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে মেট্রোরেল সময় পরিবর্তন করা হয়েছে। আমরা আগেই বলেছিলাম, ধীরে ধীরে নতুন স্টেশন বাড়ানো হবে। স্টেশন বাড়ানোর পাশাপাশি সময়ও বাড়ানো হচ্ছে। অনেক চিন্তা-ভাবনা করেই সকাল সাড়ে ৮টায় মেট্রোলের চলাচল শুরুর সময় নির্ধারণ করেছি।বর্তমানে মেট্রোরেল রাজধানীর উত্তরার উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত সরাসরি চলছে।২৫ জানুয়ারী থেকে পল্লবী স্টেশনেও থামবে মেট্রো। এ নিয়ে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল। এর আগে ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেরদিন ২৯ ডিসেম্বর থেকে যাত্রী চলাচল শুরু হয় মেট্রোরেলে।উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটারের মেট্রোরেলের রুটটির নাম এমআরটি লাইন-৬।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন।এ রুটটিতে ৪০ মিনিটেরও কম সময়ে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।