
নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ আরও দেড় বছর বাড়িয়েছে সরকার।সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বর্তমান আইজিপির মেয়াদ বাড়িয়ে এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ ১১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে ১ বছর ৬ মাস মেয়াদে পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়।গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পুলিশপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যার মাধ্যমে তিনি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হন।