
নিউজ ডেস্কঃ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করে বলেন, এ সরকার আবারও নিজেদের মতো করে নির্বাচন করার লক্ষ্যে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুদক ও আদালতকে ব্যবহার করা শুরু করেছে। কিন্তু এগুলো করে সরকারের শেষ রক্ষা হবে না। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা: ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। তৎকালীন সময়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু করলে বিএনপি গণতন্ত্রের স্বার্থে সংসদের মাধ্যমে আইন পাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। অথচ এ বিনা ভোটের সরকার ক্ষমতায় এসে তাদের স্বার্থে সংবিধান বার বার পরিবর্তন করলেও তত্ত্বাবধায়ক নিয়ে কোনো তারা কাজ করছে না। আর বাংলাদেশে এমন কোনো ব্যক্তি ও রাজনৈতিক নেতা নেই যে আদালত থেকে জামিন পাননি। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা কারণে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে।