
নিউজ ডেস্কঃ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাওয়ার পথে ভটভটি উল্টে একটি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীসহ ২৭ জন আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে আত্রাই-রাণীনগর সড়কের আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ভটভটির চালক ও বিদ্যালয়ের নৈশপ্রহরীও আহত হন। জানা যায়, মান্দা উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ৫১তম শীতকালীন আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ভটভটিতে (ইঞ্জিনচালিত গাড়ি) করে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাচ্ছিলো। পথে আত্রাই-রাণীনগর সড়কের আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটো ভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়। এতে ভটভটিতে থাকা ২৫ শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়ি চালক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।