
নিউজ ডেস্কঃ ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজনের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ যাতে দেশের প্লাটফর্মে মুক্তি না দেওয়া হয়, সে দাবি উঠেছে। দাবি করেছেন ভয়াবহ ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। পয়লা জুলাইয়ের ঘটনা নিয়ে কোনো সিনেমা নির্মিত হোক বা মুক্তি পাক, সেটিও চান না তিনি। এসব বন্ধে সরকারের প্রতি আহ্বানও জানান রুবা। আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ফারাজ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুরে এলিগেন্টস হাইট টাওয়ারে আবন্তিকা কবির ফাউন্ডেশনে এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই তিনি এ দাবি করেন। রুবা বলেন, আমি ছয় মাস মুভিটাকে আটকে রেখেছি। তা না হলে ছয় মাস আগেই মুভিটা মুক্তি পেয়ে যেত। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্লিজ, আপনারা (সাংবাদিক) মুভিটিকে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে দেবেন না। আমি জানি এই মুভিটা রিলিজ পেয়ে যাবে। তারপরও আপনাদের কাছে অনুরোধ এই মুভিটা দেশের ওটিটি প্লাটফর্মে যেন রিলিজ না হয়।