
নিউজ ডেস্কঃ ঢাকার বনানী থানার পরিদর্শক ও ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক সোহেল রানা ভারতে জামিন পেয়েই গা ঢাকা দিয়েছেন। তার কোনো খোঁজ পাচ্ছে না পশ্চিমবঙ্গ পুলিশ। সীমান্ত পেরিয়ে তিনি ফের বাংলাদেশ, নেপাল অথবা অন্য কোনো দেশে চলে গেছেন কিনা তারও কোন তথ্য নেই পশ্চিমবঙ্গ পুলিশের কাছে।পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা মেখলিগঞ্চ থানা শনিবার বিষয়টি জানিয়ে হাইকোর্টে রিপোর্ট পাঠিয়েছে। হাইকোর্টের সার্কিট বেঞ্চকে পুলিশ জানিয়েছে, জামিন পাওয়ার পর থেকে সোহেল রানা থানায় হাজিরা দেননি। তবে হাজিরা দিতে না পারার কারণ জানাতে নিজের একটি মেডিকেল রিপোর্ট মেইল করেছেন।ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতারণায় অভিযুক্ত সোহেল রানা। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর কোচবিহার জেলার চ্যাংড়াবান্দা থেকে তাকে গ্রেফতার করে বিএসএফ।