
নিউজ ডেস্কঃ নাটোরে স্যান্ডেলের মধ্যে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ২১০ গ্রাম হেরোইন বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫)।রোববার (২২ জানুয়ারি) দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চক বৈদ্যনাথ (গুড়ের আড়ৎ) এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে র্যাব-৫ এর একটি অপারেশন দল। এসময় ২১০ গ্রাম হেরোইন, ৪টি মোবাইল ফোন, ৭টি সীমকার্ড, একটি মোটরসাইকেল, এক জোড়া স্যান্ডেল ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৯১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন র্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। আটকরা হলেন- সদর উপজেলার পশ্চিম বড়গাছা (চকবৈদ্যনাথ) এলাকার মো. রহিম আলীর স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ী এলাকার মাদারপুর গ্রামের মো. চাঁন্দু রহমানের ছেলে মো. মাসুদ রানা (৩৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জব্দকৃত হিরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে পরিবহন করছিলেন।