
নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট এখন জনপ্রিয়।সর্বক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে ৩ দিনব্যাপী ৪র্থ চট্টগ্রাম আইটি ফেয়ারের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) আয়োজনে এ অনুষ্ঠান হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সোসাইটি অব আইটি প্রফেশনালসের সভাপতি আবদুল্লাহ ফরিদ, ও ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিজের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশে পরিণত করা। এজন্য সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে আইটি সেক্টরের। বিজনেস সেক্টরকে অটোমেশনের আওতায় আনা প্রয়োজন। এর জন্য চট্টগ্রামের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে কর্মীদেরকে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।