
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন ‘আমরা এতদিন ভুল পদ্ধতি ব্যবহার করেছি। তাতে মশা তো ধ্বংস হয়নি। বরং অর্থের অপচয় হয়েছে।’ যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে গিয়ে মশা নিধন কার্যক্রম দেখে এই উপলব্ধি হয়েছে ডিএনসিসি মেয়রের। শনিবার ( ২১ জানুয়ারি) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ। যুক্তরাষ্ট্র সরকারের একটি কর্মসূচির আওতায় দেশটি সফর করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি প্রতিনিধিদল। ওই দলের নেতৃত্বে রয়েছেন মেয়র আতিকুল। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি শহরে ফিল্ড ভিজিট ও কর্মশালায় মশকনিধনের তথ্য ও উপাত্ত তুলে ধরা হয়। বাংলাদেশের প্রতিনিধিদলকে মশা নিধন কার্যক্রমের নানা দিক শিখিয়ে দেন মিয়ামি ডেড কাউন্টি কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা। এতে সহায়তা করেন দেশটির কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বিভাগের ব্যবস্থাপক উসিক উনলু ও পরিচালক উইলিয়াম ডি পেট্রি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মশা নিধনে মিয়ামি শহর থেকে পাওয়া অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগাতে চান মেয়র আতিকুল ইসলাম।