
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশকে একটি টেকসই রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটিই জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই করেননি, বাংলাদেশের ভূখণ্ড ও জলসীমায় সকল সম্পদের ওপর দেশের মালিকানা প্রতিষ্ঠা করেছেন। তিনি স্বাধীন বাংলাদেশে বিদেশি শোষণ চিরতরে বন্ধ করার জন্য সাংবিধানিক বিধান প্রণয়ন করেছেন। পৃথিবীর খুব কম রাষ্ট্রই সমকালীন সময়ে এ ধরনের সাহসী উদ্যোগ নিয়েছিল। তিনি বাঙালির অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মুক্তির ভিত্তিমূল তৈরি করে দেখেছেন। তাঁর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বঙ্গবন্ধুর রচিত ভিত্তিমূলের ওপর দাঁড়িয়ে বাঙালির মুক্তির পথ নকশা বাস্তবায়ন করে চলেছেন, বলেন সেলিম মাহমুদ। শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ছাত্রলীগ আয়োজিত ‘মুক্তির মন্ত্রে বঙ্গবন্ধু: সংবিধান এবং আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এসব কথা বলেন।