
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মাদরাসা মাঠে আওয়ামী লীগের রোববারের (২৯ জানুয়ারি) জনসভার শেষ মহূর্তের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আর বাকি এক বছর। কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন চাইবেন। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা কিছু করেছেন তার ওপরই ম্যান্ডেড অবশ্যই চাইবেন। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে শক্তিশালী। আইএমএফের মতে, পৃথিবীতে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বিএনপি নেতারা বাংলাদেশের সঙ্গে শুধু শ্রীলঙ্কার তুলনা করে বেড়ান। বাংলাদেশ নাকি এক মাসের মধ্যেই শ্রীলঙ্কা হয়ে যাবে। কিন্তু পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি। তাদের এক মাসেরও আমদানি ব্যয় মেটানোর ক্ষমতা নেই। কিন্তু বিএনপি নেতারা সে কথা একবারও বলেন না। তাদের কি লজ্জা করে? তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।