নিউজ ডেস্কঃ আগামীকাল রোববার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভাগের আট জেলা থেকে এ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন। এসব জেলা থেকে যারা আসবেন, তাদের যানবাহন নিয়ন্ত্রণে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এতে বলা হয়েছে, মন্ত্রী, এমপি ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দের ব্যক্তিগত গাড়ি শহরের সার্কিট হাউজ রোড হয়ে শিমলা পার্কের বাঁয়ে মোড় নিয়ে সীমান্ত অবকাশ হয়ে পুলিশ অফিসার্স মেসের ভেতরে ইউটার্ন করে পুনরায় সার্কিট হাউজের পিছনে কালেক্টরেট মাঠে পার্কিং করবে। এ ছাড়া ঘোষপাড়া উত্তর পার্শ্বে কলাবাগান রোড হয়ে ডা. রাজীব চত্ত্বর পর্যন্ত এক লেনে পার্কিং করতে হবে। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুরগামী থেকে আগত সব যানবাহন স্বচ্ছ টাওয়ার হয়ে সাগরপাড়া বটতলা হয়ে রানীবাজার ঢপকল পর্যন্ত পার্কিং করবে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলাগামী ও পবা, মোহনপুর, বাগমারাসহ থানাগামী সব যানবাহন আমচত্ত্বর হয়ে সিটি হাটের বাঁয়ে মোড় নিয়ে ডাবতলা রোড হয়ে তেরখাদিয়া শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পার্কিং করবে।