
নিউজ ডেস্কঃ সারদায় পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টা ১৭ মিনিটে সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন দেশের সরকার প্রধান। সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহযোগে তাকে অভিবাদন মঞ্চে নেওয়া হয়। এ সময় তাকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।এ কুচকাওয়াজে প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কুচকাওয়াজে ১২ জন মহিলা অফিসারসহ ৯৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।