
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল উল্লেখ করে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এ সময় জাতীয় পার্টির দুই সদস্য কাজী ফিরোজ রশিদ এবং রশিউর রহমান রাঙ্গা তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দাঁড়িয়ে যান। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পরিস্থিতি শান্ত করেন। সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সদস্য মোতাহার হোসেন নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরে বলেন, ১৪ সালের নির্বাচনে এরশাদ সাহেবের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির সদস্যরা আপত্তি জানান এবং হৈচৈ করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। মোতাহার হোসেন তার বক্তব্যে বলেন, আমার জনপ্রিয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আমার বিরুদ্ধে যারা নির্বাচনে দাঁড়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এমনকি এরশাদ সাহেবেও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে তার জামানত বাজেয়াত্ত হয়েছিল।