
নিউজ ডেস্কঃ যারা ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে, তারা কখনও দেশ প্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু। তারা কখনও স্কুল ভাঙেননি, এমনকি কাউকে ফুলের টোকা দেননিও বলেও উল্লেখ করেন এ জ্যেষ্ঠ রাজনৈতিক। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন আমু। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বিএসডি)। আমির হোসেন আমু বলেন, আমরা কোনো স্কুল ঘর ভাঙি নাই। কিন্তু তারা (বিএনপি) ভোট সেন্টার নষ্ট করার নামে ৬০০ স্কুল ধ্বংস করেছে। যারা একটি দেশের ৬০০ শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারে, তারা যদি আন্দোলনে নামে, তাহলে তাদের মানুষ কি ভাবতে পারে। এটি হচ্ছে তাদের চরিত্র। মানুষ হত্যা কোনো আন্দোলনের অংশ হতে পারে না। আজকে তাদের মুখে গণতন্ত্রের কথা!