
নিউজ ডেস্কঃ বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিতর্ক কমার কোনো লক্ষণ নেই। বরং আরও বেড়ে চলেছে। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাসভবন প্রতীচীতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য সরকারের ভূমি সংস্কার দফতর থেকে সংগ্রহ করা নথি অমর্ত্য সেনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরই রীতিমতো হুংকার দিয়ে বলেন, আমি এর শেষ দেখে ছাড়ব। অমর্ত্যদা’কে অপমান করার অধিকার কারো নেই। মমতার দাবি, বিশ্বভারতীকে জমি দিয়েছিল রাজ্য সরকার। বিশ্বভারতী জমি পেয়েছে বিনা পয়সায়, আবার খবরদারি করছে। ওনাকে জমি নিয়ে মিথ্যা বলছে। মমতা বলেছেন, অমর্ত্যদা’কে বিজেপি যেন অপমানের চেষ্টা না করে। আর বিজেপির লোকরাও যেন এসব না করেন। ওনাকে বিজেপি সম্মানের চেষ্টা তো করে না, উপরন্তু ১৩ ডেসিবেল জায়গার জন্য অপমান করে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে, এদিন থেকে অমর্ত্য সেনকে রাজ্য সরকারের তরফে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে। সেই মতো পুলিশ প্রশাসনকে শিগগিরই পদক্ষেপ নিতে বলেন মমতা। এসময় তিনি বিশ্বভারতীর উপচার্যকে বিজেপি গৈরিকীকরণ করেছে বলে অভিযোগ তোলেন।