
নিউজ ডেস্কঃ জাপানি ছোট মেয়েসহ আত্মগোপনে থাকা বাবা ইমরান শরিফকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আদালতের নির্দেশনা উপেক্ষা করে ছোট মেয়েকে নিয়ে ইমরান শরিফ আত্মগোপনে ছিলেন। বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে র্যাবের একটি দল রাজধানীর কালাচাঁদপুর থেকে জাপানি ছোট মেয়েসহ বাবা ইমরানকে উদ্ধার করে। এর আগে, দুই শিশু সন্তানকে তাদের মা জাপানি চিকিৎসক নাকানো এরিকোর জিম্মার রাখার আদেশ দেন আদালত। গত রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় ঘোষণা করেন। তবে সেই রায় উপেক্ষা করে আত্মগোপন করায় ছোট মেয়েসহ বাবা ইমরান শরিফকে উদ্ধার করে গুলশান থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয় র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বলেন, আদালতের রায় ছিল মায়ের কাছে থাকবে জাপানি দুই সন্তান।কিন্তু রায় প্রতিপালেন থানা পুলিশ বাবাসহ ছোট মেয়েকে খুঁজে পাচ্ছিল না। আদালতের রায় উপেক্ষা করে মায়ের কাছে সন্তানকে হস্তান্তর না করে ছোট মেয়েসহ বাবা আত্মগোপনে চলে যান। এমন তথ্যের ভিত্তিতে র্যাব তাদের খুঁজে বের করা চেষ্টা চালায়। পরে রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকা থেকে বাবা ইমরান শরিফকে ছোট মেয়েসহ হেফাজতে নেওয়া হয়।