News71.com
 Bangladesh
 01 Feb 23, 09:21 PM
 134           
 0
 01 Feb 23, 09:21 PM

২৪ ঘণ্টা পরে নিভল ব্যাগ কারখানার আগুন।। ক্ষতি দেড়শ কোটি টাকা

২৪ ঘণ্টা পরে নিভল ব্যাগ কারখানার আগুন।। ক্ষতি দেড়শ কোটি টাকা

নিউজ ডেস্কঃ  দীর্ঘ ২৪ ঘণ্টা পরে বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ভিআইপি-ব্যাগ-১ নম্বর কারখানার আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।  বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় ফায়ার আউট ঘোষণা করা হয়েছে। এ সময়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে পর্যবেক্ষন করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মোংলা ইপিজেডে থাকা ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের ভিআইপি-১ ব্যাগ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে ফ্যাক্টরির ভেতরে পলেস্টার টাইপের ফেব্রিক্স, ফোম ও ক্যামিকেল থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েন ফায়ার ফাইটাররা। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নির্বাপন কাজে অংশ নেয়। কিন্তু ফ্যাক্টরির মধ্যে ফেব্রিক্স, ফোম, ট্রলি ও ক্যামিকেল থাকায় আগুন নেভাতে একটু সমস্যা হয়েছে। সর্বোচ্চ চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। এরপরেও যদি কোথাও থেকে সুপ্ত আগুন আবার জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে তা নির্বাপন করা হবে। এজন্য পাম্প ও ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে রয়েছেন। ফ্যাক্টরি পর্যবেক্ষণ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন