
নিউজ ডেস্কঃ সিলেটে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি।শনিবার (০৪ ফেব্রুয়ারি) নগরে এক ঘণ্টার ব্যবধানে দুই দল কর্মসূচি আহ্বান করেছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ওইদিন বেলা ২টায় নগরের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আর বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। উভয় দলই কর্মসূচি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বলেন, একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।সিলেট জেলা বিএনপির নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সিলেটে বিভাগীয় সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়। পরে সমাবেশের স্থান নির্বাচন শেষে বিষয়টি মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে দলটির পক্ষ থেকে অবহিতও করা হয়। সমাবেশ সফল করতে নগরী ও উপজেলাগুলোয় বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।