
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী বলেছেন, টাকা ছাপিয়ে রাষ্ট্র পরিচালনা করছে অবৈধ শেখ হাসিনার সরকার। গত দুই মাসে তারা ৫০ হাজার কোটি নতুন টাকা ছাপিয়েছে। এটা অব্যাহত ভাবে চলতে পারে না। দেশের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে তারা। গত কয়েক বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাস্তায় আন্দোলন করে এ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভোট চোর, এটাই মূল কথা। দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমেছে। তাদের মিথ্যা, গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে, খুন করা হচ্ছে। ভোট চুরি করে ক্ষমতায় থাকার জন্য অবৈধভাবে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়ায় বহু অপকর্ম তারা করছে। আওয়ামী লীগ দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত। মনে রাখতে হবে আওয়ামী লীগ শুধু ভোট চুরি করে না। তারা পুকুর চুরি করছে, ব্যাংক, শেয়ার বাজার, মেগা প্রজেক্ট, ছোট প্রজেক্ট সব চুরি করে দেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।