
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গণতন্ত্রের বুলি বিএনপির মুখে শোভা পায় না। তারা দেশটিকে সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করেছিল। আর আজকে তারা গণতন্ত্রের কথা বলে। অথচ ক্ষমতাসীন দল শহীদ মিনারে সমাবেশ করে, আর তারা রেজিস্ট্রারি মাঠে। এরপরও বলবে দেশে গণতন্ত্র নেই। মূলত দেশে গণতন্ত্র আছে, আপনাদের জনসমর্থন নেই। তিনি বলেন, আগামী জানুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে পরীক্ষা দিন। দেখুন ফলাফল কি হয়। নির্বাচন হলো ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। শনিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিএনপি জনসমর্থন হারিয়ে আবুল-তাবুল বলছে। তাই মির্জা ফখরুল ইসলাম সাহেবদের রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের ধৈর্যর পরীক্ষা নেবেন না। আমরা দেশ ছেড়ে পালাবো না। আমরা মানুষের শান্তি ও উন্নয়ন চাই। আমাদের নেতা বঙ্গবন্ধু এটাই শিখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও দিক্ষা দিয়েছেন। আর ওদের নেতা খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। আমাদের নেত্রী শেখ হাসিনা দয়া করে তাকে বাসায় রেখেছেন। আর তাদের নেতা তারেক রহমান লন্ডনে প্রসাদসম অট্টালিকায় আছেন। টাকা কোথায় থেকে আসে। আর আমাদের বলেন পালিয়ে যাবো।