
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকায় ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন - মো. শাহিন ওরফে বল্লা শাহীন (২৫), মো. ইউসুফ চৌধূরী (২৮), মো. আব্দুল আলিম (২৩), মো. মামুন কাজী (৩২), মো. দেলোয়ার হোসেন (২৬), সুলতান মাহিদ পিয়াস (৩৩), মো. তুষার (৩১) এবং মো. রাহাদ (২৮)। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে মিরপুর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আজ (শনিবার) আদালতে তুলে পুলিশ। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি জানান, অভিযুক্তরা কখনও ভোক্তা অধিকারের কর্মকর্তা আবার কখনও পুলিশ সেজে চাঁদাবাজি করতেন। তারা পেশাদার অপরাধী। প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার বল্লা শাহীন ২০১৯ সালে মিরপুরের আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি।