
নিউজ ডেস্কঃ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সাত স্থানে সমাবেশ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। এসব সমাবেশ থেকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা। ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২ টায় শুরু হবে বিএনপির সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বেলা ১১টায় গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রিতম ভবনের উল্টো দিকের সড়কে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেসক্লাবের পশ্চিম দিকে সমাবেশ করবে। অপরদিকে গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিকের সড়কে বিকেল চারটায় এবং বিকেল তিনটায় এফডিসির কাছে সমাবেশ করবে এলডিপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে আমাদের যুগপৎ এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। দুপুর ২টায় আমরা এই সমাবেশের কার্য্ক্রম শুরু করবে। সমাবেশে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও যোগ দেবেন।