
নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ড (নিরাপত্তা কর্মী) নিতে আগ্রহী মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এমন আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে আসাদুজ্জামান খান মালয়েশিয়ার বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার কাজে বাংলাদেশ থেকে পেশাদার ও প্রশিক্ষিত আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ দেওয়ার অনুরোধ জানান। এ সময় সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবিষয়ে মালয়েশিয়াও আগ্রহী বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য মালয়েশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। প্রশিক্ষণ দেওয়াসহ দুই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক জ্ঞান ও তথ্য বিনিময়ের বিষয়েও ঐক্যমত হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশেও রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে এবং তাদের মানবিক সহযোগিতা দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক প্রচেষ্টায় মালয়েশিয়া জোরালো ভূমিকা পালন করবে।