
নিউজ ডেস্কঃ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সোমবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা জানানো হয়।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সভা শেষে বলা হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ বছর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ক্ষেত্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। দিবসটিতে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ব্যাপক নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হবে। সংশ্লিষ্ট এলাকায় ভিডিও নজরদারি থাকবে। প্রবেশ, বহির্গমন পয়েন্টসহ প্রয়োজনীয় এলাকায় সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। সভা থেকে জানানো হয়, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও আজিমপুর কবরস্থান এলাকায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করে অপ্রীতিকর পরিস্থিতি রোধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।