
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের বিরুদ্ধে অপপ্রচারের মূল উদ্দেশ্য নির্বাচনকে সামনে রেখে ধর্মকে অপব্যাবহারের মাধ্যমে সরকারের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করা। শিক্ষার্থীরা চিন্তা করতে শিখলে ধর্মের দোহাই দিয়ে মগজ ধোলাই করা যাবে না এই কারণে নতুন শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।মঙ্গলবার (৭ ফেব্রুয়রি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের কয়েকটি পাঠ্য বই নিয়ে নানারকম বিতর্ক, প্রচারণা আমরা শুনছি। আমি সুস্পষ্টভাবে বলতে চাই এসব প্রচারণার সিংহভাগই অসত্য, অপপ্রচার। বিভিন্ন ছবি, বইয়ের ছবি, ফটোসপ করে সেগুলো নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন বইয়ে লেখা এডিট করে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষাক্রমের নয়, আমাদের বই নয় এমন বই যা আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় না সেগুলোকে আমাদের বই হিসেবে বলে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের বইতে নেই এমন কল্পিত বিষয় ও ছবি নিয়ে আমাদের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। ভুয়া-আপত্তিকর কনটেন্ট আমাদের বইয়ের বলে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়বস্তুর উদ্দেশ্য প্রণোদিত ভুল ব্যাখ্যার মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। লেখকদেরকে ব্যক্তিগতভাবে কদর্য ভাষায় আক্রমণ চলানো হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মন্ত্রী সম্পর্কে কদর্য বিবৃতি ও হুমকি দেওয়া তারা অব্যাহত রেখেছে। যারা বরেণ্য শিক্ষাবিদ আছেন, যারা নতুন শিক্ষাক্রম তৈরিতে যুক্তছিলেন তাদের বিরুদ্ধেও বিষোদগার করা হচ্ছে, কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।