
নিউজ ডেস্কঃ মেট্রোরেলের পিলারে লাগানো পোস্টার না সরালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেলের এত সুন্দর পিলারগুলো আজকে পোস্টারে ভরে গেছে। আমি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ওবায়দুল কাদের বলেন, পোস্টারগুলো যারাই লাগিয়েছেন তুলে ফেলুন, অন্যথায় যারা লাগিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। পৃথিবীর কোন উন্নত দেশে এ ধরনের সংস্কৃতি চালু আছে? মানুষ সচেতন না হলে কোনো উন্নয়নে পরিপূর্ণতা লাভ করতে পারবে না। ব্রিফিংয়ের আগে সেতুমন্ত্রী মৎস্য ভবন মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।