
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা অতীতে অনেক বক্তব্য দিয়েছি, অনেক সমাবেশ করেছি; কিন্তু এই সরকারের শুভ বুদ্ধির উদয় হচ্ছে না। এই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি রাজপথে মিছিল করছে, আন্দোলন করছে জনগণের অধিকারের জন্য। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সরকার আঁতাত করে নিজ দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। তার উদাহরণ আদানি গ্রুপ। তারা কিছু দিক বা না দিক তাদের কোটি কোটি টাকা দিতে হবে। এ সরকার থাকা অবস্থায় মানুষের মুক্তি মিলবে না। এজন্য চাই খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফিরে আসা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তিনি আরও বলেন, এবার আমরা অন্য কোনো সরকারের অধীনে নির্বাচন করব না। একটা দেশ এসে বলে গেল আওয়ামী লীগকে সমর্থন দেবে। তাদেরকে বলব আওয়ামী লীগকে নয়, এ দেশের জনগণকে সমর্থন দেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার আপনার জনগণের কথা এক এই সরকারের পদত্যাগ। আমরা এ সরকারের অধীনে নির্বাচন করব না। কারো ভোট কাউকে দিতে দেব না। সরকার যদি জনগণের শক্তিকে বিশ্বাস করে তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দেবে। আমরা জোর করে ক্ষমতায় আসতে চাই না। গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চাই।